চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকায় নির্মাণাধীন একটি ৫ তলা ভবনের কাজ করার সময় উপর থেকে পড়ে মহিন সরকার (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত মহিন সরকার সুহিলপুর পুরান সরকার বাড়ির মরহুম হানিফা মিয়ার একমাত্র ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মহিন সরকার একটি নির্মাণাধীন ভবনের ওপর কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিন সরকারের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।