প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বিপদগ্রস্ত মালদ্বীপ প্রবাসীদের স্বদেশ প্রত্যাবর্তনে মানবিক সহায়তা দূতাবাসের

মো. আব্দুল্লাহ কাদের
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬

সহায়তা সংকটের মুহূর্তে প্রবাসীদের কল্যাণ মর্যাদা ও সুরক্ষায় বাংলাদেশ সরকারের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন মালদ্বীপে অবস্থানরত অসুস্থ ও বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে মানবিক সহায়তার অংশ হিসেবে বিমান টিকিট প্রদান করেছে বাংলাদেশ হাইকমিশন ।

এ উপলক্ষে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সহায়তাপ্রাপ্ত প্রবাসীদের হাতে বিমান টিকিট হস্তান্তর করেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে এই সহায়তা প্রদান করা হয়েছে, যা বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দৃঢ় অঙ্গীকারের একটি মানবিক ও তাৎপর্যপূর্ণ উদাহরণ। এ সময় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্যাহ উপস্থিত ছিলেন।

সহায়তাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাসিন্দা মোঃ নরুল ইসলাম (৫০), যিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন এবং কুমিল্লারই আরেক বাসিন্দা মো. আজিজ প্রামাণিক (৫৫), যিনি সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের শারীরিক অবস্থা, মানবিক পরিস্থিতি এবং পারিবারিক প্রয়োজন বিবেচনায় দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

এ প্রসঙ্গে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, বিদেশের মাটিতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি আমাদের জাতীয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ। জীবিকা অর্জন ও পরিবারের ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে যারা প্রবাসে কঠোর পরিশ্রম করছেন, তাদের কেউ অসুস্থতা, দুর্ঘটনা বা অন্য কোনো মানবিক সংকটের সম্মুখীন হলে তা আমাদের জন্য গভীর উদ্বেগ ও বেদনার বিষয়। বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে এবং তাদের প্রয়োজনের মুহূর্তে মানবিক সহায়তা, চিকিৎসা, নিরাপত্তা এবং নিরাপদে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, “আমাদের প্রবাসী কর্মীরা শুধু দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নন; তারা বিদেশের মাটিতে বাংলাদেশের পরিশ্রম, সততা ও মর্যাদার প্রতিনিধিত্ব করেন। তাদের সম্মান, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক, মানবিক এবং প্রাতিষ্ঠানিক দায়িত্ব। আমি সহায়তাপ্রাপ্ত সকল প্রবাসী ভাইয়ের দ্রুত আরোগ্য, নিরাপদ প্রত্যাবর্তন এবং তাদের পরিবার-পরিজনের শান্তি ও কল্যাণ কামনা করছি।”
মান্যবর হাইকমিশনার বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রবাসীদের কল্যাণ, সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতে তাদের নিরলস প্রচেষ্টা বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আস্থা, নিরাপত্তাবোধ এবং দেশের প্রতি গভীর বিশ্বাস সৃষ্টি করেছে। সংকটময় সময়ে প্রবাসীদের পাশে দাঁড়ানো বাংলাদেশ সরকারের মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের উজ্জ্বল প্রতিফলন।”
তিনি আরও উল্লেখ করেন যে, বিশ্বের যেখানেই বাংলাদেশিরা অবস্থান করুন না কেন, তাদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য বাস্তবায়নে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন নিষ্ঠা, আন্তরিকতা এবং মানবিক দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকবে।

বাংলাদেশ হাইকমিশন পুনর্ব্যক্ত করছে যে, মালদ্বীপে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশির কল্যাণ, অধিকার, নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে হাইকমিশন সর্বদা সচেষ্ট থাকবে এবং যেকোনো সংকটে তাদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন