চাঁদপুরের হাজীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁ/’জাসহ মো. রবিউল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার (১৭ জুন) রাতে তাকে পৌর এলাকার মকিমাবাদ থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানাযায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক আব্দুল মান্নান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার দিকনির্দেশনায় এসআই নূর মোহাম্মদ, এএসআই মনির মুন্না ও কনস্টেবল জিন্নাহসহ পুলিশের একটি টিম মাদক উদ্ধার অভিযানে নামে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪নং পৌর ওয়ার্ডের মকিমাবাদ এলাকার মুড়ির মিলের পেছনে অভিযান চালানো হয়। সেখানে জনৈক মোজাহের হোসেনের বাড়ির নিচতলার ভাড়াটিয়া রবিউলের বাসার সামনে থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে রবিউলের দেওয়া তথ্য ও দেখানো মতে কস্টেপ দিয়ে মোড়ানো ৭টি বান্ডেলে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত রবিউল মিজি হাজীগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ কালচোঁ ইউনিয়নের বানিয়াকান্দি গ্রামের আবিদ আলী মিজি ও আয়াতুনেছার ছেলে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক আব্দুল মান্নান জানান, মাদক উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারায় একটি মামলা (মামলা নং-১৮) দায়ের করা হয়েছে।
মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।