প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মাদক নির্মূলে বিশেষ অভিযান জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১ হাজার কোটি টাকা থোক বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুন, ২০২৬

চাঁদপুর-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য অতিরিক্ত ১ হাজার কোটি টাকা থোক বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন।

তিনি বলেন, দেশে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে আরও কার্যকর অভিযান পরিচালনা, আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং সীমান্ত এলাকায় নজরদারি জোরদারের জন্য এ বিশেষ বরাদ্দ প্রয়োজন।

সংসদ অধিবেশনের প্রথম দিন থেকেই মাদকবিরোধী অবস্থান তুলে ধরে আসছেন মমিনুল হক। তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, মাদক বর্তমানে দেশের যুবসমাজ, পরিবার ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদক কারবার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে বিশেষ তহবিল গঠন জরুরি।
সংসদে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়ন করতে হলে গোয়েন্দা কার্যক্রম আধুনিকায়ন, সীমান্ত নজরদারি বৃদ্ধি, পুনর্বাসন কর্মসূচি সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে হবে। এসব কার্যক্রম পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে অতিরিক্ত ১ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখার দাবি করে।

উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৪ হাজার কোটি টাকা বেশি।

সংসদ সদস্য মমিনুল হক আশা প্রকাশ করেন, মাদকের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সমন্বিত উদ্যোগ দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন