প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহার, বর্তমান কর্মস্থলেই বহাল

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের বদলি আদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি পূর্বের ন্যায় হাজীগঞ্জ উপজেলাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (১৫ জুন) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পূর্বে জারি করা পদায়নের আদেশ বাতিলের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১০ জুন প্রশাসনিক আদেশে মো. ইবনে আল জায়েদ হোসেনকে রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছিল। তবে সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে ওই পদায়ন আদেশ বাতিল হওয়ায় তিনি হাজীগঞ্জ উপজেলাতেই বহাল রয়েছেন।

জানা যায়,হাজীগঞ্জে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালন করে আসছেন। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বাজার মনিটরিং, সরকারি নির্দেশনা বাস্তবায়ন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাদকবিরোধী কার্যক্রম এবং জনসচেতনতামূলক বিভিন্ন উদ্যোগের কারণে তিনি সাধারণ মানুষের কাছে ইতিবাচক ভাবমূর্তি অর্জন করেছেন।

বিশেষ করে সম্প্রতি হাজীগঞ্জ বাজারে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে পরিচালিত অভিযান, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এদিকে তাঁর বদলি আদেশ প্রত্যাহারের খবরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, চলমান উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী,পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মো. ইবনে আল জায়েদ হোসেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেই দায়িত্ব পালন করবেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন