চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের মহেশপুর হাজী বাড়ির বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেন বাবু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ঢাকায় এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
সোমবার (১৫ জুন) সকাল ৮টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তান, বাবা-মা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার রাজধানীতে নিজ কর্মস্থলে এসি (এয়ার কন্ডিশনার) মেরামতের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তার দুই হাত, বুক, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসকদের পরামর্শে তার একটি হাত কেটে ফেলতে হয়। এরপর থেকে তিনি আইসিইউতে নিবিড় চিকিৎসাধীন ছিলেন।
মোজাম্মেল হোসেন বাবুর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেন। বিশেষ করে তার স্ত্রী, ছোট্ট সন্তান ও বাবা-মায়ের আহাজারিতে এলাকার মানুষের হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে।
দুর্ঘটনার পর থেকে তার সুস্থতা কামনায় এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে আসছিলেন। কিন্তু সকলের প্রার্থনা উপেক্ষা করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক,সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।