ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর ছিল আন্তর্জাতিক তারকাদের পারফরম্যান্সে, তখন সেই মঞ্চেই নীরবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয় দেব।
কানাডার টরন্টোতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক শিল্পী নোরা ফতেহি ও ভেজিড্রিমের সঙ্গে পারফর্ম করেন সঞ্জয় দেব। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের উদ্বোধনী মঞ্চে তার উপস্থিতি বাংলাদেশি বংশোদ্ভূতদের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
তবে শুধু পারফরম্যান্সই নয়, নিজের শিকড়ের প্রতি ভালোবাসা প্রকাশের কারণেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। অনুষ্ঠানে পরা তার পোশাকের ডান হাতায় ছিল বাংলাদেশের জাতীয় প্রতীক হিসেবে পরিচিত রয়েল বেঙ্গল টাইগারের নকশা এবং তার পাশেই ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকার প্রতিচ্ছবি।
পারফরম্যান্স চলাকালে তিনি একাধিকবার ক্যামেরার সামনে সেই অংশটি তুলে ধরেন এবং বাংলাদেশের পতাকার দিকে ইঙ্গিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে বিষয়টি ফুটবলপ্রেমী ও বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই এটিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচয় তুলে ধরার এক অনন্য উদ্যোগ হিসেবে দেখছেন।
বিশ্লেষকদের মতে, বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের অনেকেই নিজেদের সাংস্কৃতিক শিকড়কে ধারণ করতে আগ্রহী। সঞ্জয় দেবের এই উদ্যোগও সেই পরিচয়েরই বহিঃপ্রকাশ।
বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের নাম ও পরিচয় তুলে ধরার এই প্রচেষ্টা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছে। অনেকেই মনে করছেন, নিজের পরিচয় ও শিকড়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য কোনো আনুষ্ঠানিক দায়িত্বের প্রয়োজন হয় না; প্রয়োজন শুধু দেশের প্রতি ভালোবাসা এবং গর্ববোধ।