প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

অনার্সের কোর্স বন্ধ হওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বললেন আমি জানি না এ নিউজ কোথা থেকে আসলো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুন, ২০২৬

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‎কোনো বিষয়ের অনার্স কোর্স বন্ধ করার পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের নেই।

 

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমার জানামতে এ রকম কোনো আলোচনা হয়নি। আর বাংলা মাতৃভাষা, এটা কি বাদ দেওয়া যেতে পারে? এমন কোনো আলোচনা হয়নি। আমার জ্ঞাতসারে নেই। আমি জানি না এ নিউজ কোথা থেকে আসলো।

এদিন একটি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা করা হয়, বাংলা, দর্শন, ইতিহাসসহ ছয় বিষয়ে অনার্স কোর্স বাতিল হচ্ছে। এ দাবি ‘ভিত্তিহীন’ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা কারিগরিকে ইম্পর্টেন্স দিচ্ছি। আমরা আধুনিক করছি। যেগুলোর মার্কেট ডিমান্ড রয়েছে, সেগুলোকে আমরা দেখছি। সে তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এ আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি।’

‎‎মন্ত্রী বলেন, মার্কেট ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রতিটি লেভেলেই আমরা ইন্ট্রোডিউস করছি। বাট বাংলাকে বাদ দিয়ে, ইতিহাসকে বাদ দিয়ে, এমন কথা কোথাও হয়নি।

‎অনার্স কোর্স কমিয়ে আনা বা কোনো বিষয়ে অনার্স কোর্স বন্ধ করার কোনো পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের নেই বলেও জানান মন্ত্রী।

‎এদিন দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের ব্যাপারে সরকার কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন