প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ওসির অপসারণ দাবিতে ফরিদগঞ্জে এমপি সমর্থকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জুন, ২০২৬

ফরিদগঞ্জে সংসদ সদস্য এমএ হান্নানের সমর্থক ও নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে ও থানার (ওসি) হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (৬ জুন) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম নান্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নুরুল ইসলাম নজু পাটওয়ারী, আমানত গাজী, সাবেক উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন সিপন ও সাবেক পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় সংসদ সদস্য এমএ হান্নানের সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের লোক আবুল খায়ের পাটওয়ারী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী আবুল খায়ের পাটওয়ারীকে গ্রেপ্তার ও সংশ্লিষ্ট মামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

বক্তারা আরও বলেন, গত ৩১ মে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির সময় উপজেলা চত্বরে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটলেও জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তাদের ওপর হামলার ঘটনার পরও উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা ওসি মো. হেলাল উদ্দিনের অপসারণ দাবি করেন। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

সমাবেশ থেকে ফরিদগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা ফরিদগঞ্জে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত উস্কানি দাতা আবুল খায়ের কর্তৃক দেয়া মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহার ও তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন