চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন রিপন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রে বিদ্যালয়টির জন্য চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) জারিকৃত ওই পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নিজাম উদ্দিন রিপন। পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন টিটু। এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. ইসমাইল হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. জসিম উদ্দিন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১০) ধারা অনুযায়ী এ এডহক কমিটি গঠন করা হয়েছে।
স্মারক জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য কমিটির অনুমোদন কার্যকর থাকবে।
এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় মো. নিজাম উদ্দিন রিপন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি এ দায়িত্ব প্রদানের জন্য চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতির লক্ষ্যে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের দোয়া,পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।