প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিয়ে পালালো অটোচালক আটক

নাঈম হোসেন পালোয়ান, ফরিদগঞ্জ
প্রকাশিত: ৩ জুন, ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিকশা থেকে নামার সময় এক প্রবাসীর স্ত্রীর সাড়ে চার লাখ টাকার মালামাল ভর্তি ভ্যানিটি ব্যাগ নিয়ে পালিয়েছেন অটোরিকশা চালক।

সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত চালককে গাড়িসহ গ্রেপ্তার ও আংশিক মালামাল উদ্ধার করেছে পুলিশ, তবে এখনো খোঁজ মেলেনি চুরি হয়ে যাওয়া ভ্যানিটি ব্যাগে থাকা স্বর্ণের।

‎এজাহারে ভুক্তভোগী রাবেয়া বেগম উল্লেখ করেন, গত ২৬ মে বিকেলে ঈদুল আজহা উদযাপনের জন্য ফরিদগঞ্জ কেরোয়া মোড় সংলগ্ন অস্থায়ী নিবাস ভাড়া বাসা থেকে অটোরিকশা যোগে ফরিদগঞ্জের পালতালুক গ্রামে স্বামীর বাড়ি যাচ্ছিলেন রাবেয়া বেগম। সেখানে গাড়ি থেকে নামার সময়, ভুক্তভোগী কিছু বুঝে ওঠার আগেই তার ব্যাগটি নিয়ে অটোরিকশাসহ দ্রুত চম্পট দেয় চালক জাহিদুর রহমান।

‎ভুক্তভোগীর দাবি, ওই ব্যাগে ৩০ হাজার টাকা এবং একটি দামী মোবাইল ফোনের পাশাপাশি ছিল ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২২ ক্যারেটের দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ও লকেট। সবমিলিয়ে খোয়া যাওয়া মালের মূল্য প্রায় ৪ লাখ ৩৫ হাজার টাকা।

‎ঘটনার পর স্থানীয় গাজীপুর বাজারের একটি দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অটোরিকশা ও এর চালককে শনাক্ত করে ভুক্তভোগী পরিবার। পরে গত ১ জুন ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত চালক জাহিদুর রহমানকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ জানায় আটকের পর তার কাছ থেকে চুরি হয়ে যাওয়া ভ্যানিটি ব্যাগ, নগদ ১৯ হাজার টাকা,একটি মোবাইল ফোন এবং চাবির রিং উদ্ধার করে। ‎এ ঘটনায় ২ জুন ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত জাহিদুর রহমান ফরিদগঞ্জ ১৪নং দক্ষিণ ইউপির উওর চরবড়ালী গ্রামের ছৈয়াল বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।

বিশ্বাসভঙ্গকারী ওই অটোরিকশা চালককে গ্রেপ্তার করা হলেও, ব্যাগে থাকা মূল্যবান স্বর্ণালঙ্কার উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন