প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচরে মারামারির মধ্যে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুন, ২০২৬

পুকুরে ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে চাঁদপুরের হাইমচর উপজেলায় দুই পক্ষের মারামারির মধ্যে মরিচের গুঁড়া ছিটিয়ে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান।

নিহত ওমর ফারুক (২২) উপজেলার উত্তর চরভাঙ্গা (ঢালি বাড়ি) গ্রামের খালেক ঢালীর ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর ফারুক তার নানা হাসমত উল্যাহ মৃধার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বেলা ১২টার দিকে হাসমত উল্যাহর পরিবারের সঙ্গে একই বাড়ির কুদ্দুস মৃধা (৩০), বিল্লাল মৃধা (২৫), হাসান মৃধা (২৮) ও হাবিব মৃধাসহ (২১) কয়েকজনের এজমালি পুকুরে ঘাটলা নির্মাণ নিয়ে ঝগড়া-বিবাদ দেখা দেয়।

ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন হাসমত উল্যাহকে মারধর করতে উদ্যত হলে ওমর ফারুক ঝগড়া থামাতে এবং বিরোধ মীমাংসা করতে এগিয়ে যান। এ সময় হঠাৎ ওমর ফারুক ও তার নানার পরিবারের লোকজনের চোখে মরিচের গুঁড়া ছিটানো হয়। এর মধ্যে একজন দা দিয়ে ওমর ফারুকের গলায় কোপ দেন।

বাড়ির লোকজন আশঙ্কাজনক অবস্থায় ওমর ফারুককে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে ফারুকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ছাড়া লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

ওসি নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে। মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন