প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে লঞ্চ থেকে নদীতে পড়া যাত্রীকে উদ্ধার করলেন দুই যুবক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে, ২০২৬

চাঁদপুরে তিন নদীর মোহনায় ঈদের রাতে লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ হন এক যাত্রী। গতকাল গভীর রাতে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁকে জীবিত উদ্ধার করেন স্থানীয় দুই যুবক। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই যাত্রীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওই যাত্রীর নাম তারেক। তিনি লঞ্চে করে ঢাকা থেকে বরিশালে যাচ্ছিলেন।

চাঁদপুর নৌ পুলিশ সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে পরিবারের কাছে ফিরতে গ্রামের বাড়ির উদ্দেশে লঞ্চে রওনা হন তারেক। তবে যাত্রাপথেই দুর্ঘটনার শিকার হন তিনি। রাত একটার দিকে চলন্ত সুন্দরবন-২ লঞ্চের পেছনের দিক থেকে চাঁদপুর বড় স্টেশন এলাকায় তিনি তিন নদীর মোহনায় পড়ে যান।

নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে দীর্ঘ সময় জীবন বাঁচানোর চেষ্টা করেন তারেক। একপর্যায়ে তাঁর চিৎকার শুনে স্থানীয় দুই যুবক নদীতে ঝাঁপ দেন। পরে নৌকার সহায়তায় তাঁকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তন্ময় মজুমদার জানান, দীর্ঘ সময় নদীতে থাকার কারণে তারেকের ফুসফুসে পানি ঢুকে গেছে। তাঁকে উচ্চমাত্রার অক্সিজেন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন