সাভারের পাছ বনগ্রাম এলাকায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাটির প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই শিক্ষককে গ্রেপ্তার করেন।
এর আগে শুক্রবার বিকালে সাভার থানাধীন কমলাপুর এলাকায় অবস্থিত দারুল কোরআন বাহারুন্নেছা কমলাপুর মহিলা মাদ্রাসায় এ শ্লীলতাহানির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গ্রেপ্তার কামরুজ্জামান (৩৬) দারুল কোরআন বাহারুন্নেছা কমলাপুর মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কুমারগাতা গ্রামের আনিছুর রহমানের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, সাভারের কমলাপুর এলাকার দারুল কোরআন বাহারুন্নেছা কমলাপুর মহিলা মাদরাসার ৭ম শ্রেণির এক আবাসিক ছাত্রীকে বিভিন্ন সময় আজেবাজে কথাবার্তা বলে, তার গলায় হাত দিত এবং গাল ধরে টানাটানি করত মাদরাসার প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান। শুক্রবার বিকাল ৪টার দিকে ওই মাদরাসার বড় ক্লাস রুমের ভেতরে ছাত্রীকে একা পেয়ে ঝাপটে ধরে তার বুকে ও শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে, শনিবার দুপুরে ওই মাদরাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, মাদরাসা শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকেও জবানবন্দি প্রদানের জন্য আদালতে পাঠানো হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।