প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কাতারে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের যুবক শুভর মৃত্যু

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১ মে, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এক যুবক কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত যুবকের নাম শুভ (২৮)। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে কয়েক বছর আগে কাতারে যান শুভ। সেখানে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। সম্প্রতি কর্মস্থল থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত শুভ হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর  ইউনিয়নের ডাটরা শিবপুর গ্রামের জাহাঙ্গীর আলম এর ছেলে। তিনি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানিয়েছে স্বজনরা।

শুভর স্বজনরা জানান, বিদেশে ভালো ভবিষ্যতের আশায় পাড়ি জমালেও লাশ হয়ে দেশে ফিরতে হবে এমনটা কখনো ভাবেননি তারা। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।বর্তমানে তার মরদেহ কাতারের একটি হিমঘরে রাখা হয়েছে।

স্বজনরা আরো জানান,শুভর এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়েছে। আরও দুঃখজনক বিষয় হলো, তার বাবা বর্তমানে সৌদি আরবে বন্দী অবস্থায় রয়েছেন। ফলে পরিবারটির পাশে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার মতো কেউ নেই।

কাতার থেকে শুভর মরদেহ দেশে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করতে প্রায় ৩ থেকে ৩.৫ লাখ টাকার প্রয়োজন। কিন্তু মধ্যবিত্ত ও বিপর্যস্ত পরিবারটির পক্ষে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় শুভর পরিবার সমাজের বিত্তবান ও প্রবাসীসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে।

তারা বলেন, সবার সামান্য সহযোগিতাই হয়তো আমাদের সন্তানকে শেষবারের মতো দেশে এনে দাফনের সুযোগ করে দেবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন