প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব দক্ষিণে জামায়াতে যোগ দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে, ২০২৬

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের নিয়ম ও শৃঙ্খলা ভঙ্গ করে জামায়াতে ইসলামীতে যোগদানের অভিযোগে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দীনকে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৮ মে) জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জসিম উদ্দীন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সংসদের আহ্বায়ক ছিলেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা কমান্ড ইউনিটের সদস্য সচিব মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কারাদেশ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীতে যোগদান করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ (ঙ) মোতাবেক তাকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক (চেয়ারম্যান) মো. নঈম জাহাঙ্গীরের মৌখিক নির্দেশে এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বরকন্দাজের সভাপতিত্বে এক জরুরি সভায় উপস্থিত সব সদস্যদের সম্মতিক্রমে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৬ মে জামায়াতে ইসলামীর যুবসমাবেশের পর মতলব দক্ষিণ উপজেলা কমান্ডের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন