রাজধানীর সড়কে আবারও বেপরোয়া বাসচালকের দৌরাত্ম্যের শিকার হলেন এক পরীক্ষার্থী। আজ সকালে এমডি ইমন নামে এক শিক্ষার্থী নীলাচল বাসে করে পরীক্ষা দিতে যাওয়ার পথে গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পথে সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে নীলাচল বাসের ঝামেলা সৃষ্টি হয়। সময়ের চাপ থাকায় পরিস্থিতি শান্ত করতে ইমন নিজেই সেলফি বাসের চালকের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। কিন্তু কথোপকথনের এক পর্যায়ে তর্ক-বিতর্ক শুরু হলে চালক ক্ষিপ্ত হয়ে ইমনকে মারধর করে।
এরপর চরম অমানবিক আচরণ করে চলন্ত বাস থেকেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে ইমনের মাথার পেছনে গুরুতর আঘাত লাগে এবং প্রায় ১৫টি সেলাই দিতে হয়েছে। এছাড়া তার পিঠের বড় অংশ ছুলে গেছে, পা মচকে গেছে এবং চোয়ালে মারাত্মক ব্যথা পেয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, সেলফি পরিবহনের বেপরোয়া আচরণ নতুন কিছু নয় বলে অভিযোগ রয়েছে। ইতোমধ্যে তাদের ১১টি বাস আটক করা হলেও অভিযুক্ত চালক এখনো পলাতক রয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী , সাভার কলেজের শিক্ষার্থী ও যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।