চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকায় দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ খাল পুনরুদ্ধারে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। স্টেশন রোড থেকে বড় মসজিদ ও রজনীগন্ধা মার্কেটের উত্তর পাশ দিয়ে থানা সংলগ্ন দক্ষিণ পাশ অতিক্রম করে বোয়ালজুড়ি খালের সঙ্গে সংযুক্ত এই খালটি উদ্ধারের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৫ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে একটি প্রশাসনিক দল সরেজমিন পরিদর্শন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা খালের দখলকৃত অংশ চিহ্নিত করেন এবং সিএস, আরএস রেকর্ড, মৌজা নকশাসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করে খালটি দখলমুক্ত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, “আইনি প্রক্রিয়া অনুসরণ করে খালটি দখলমুক্ত করা হবে এবং ধাপে ধাপে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে এটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে।
স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে। তাদের মতে, খালটি পুনরুদ্ধার হলে জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।