কুমিল্লার চান্দিনা উপজেলায় গভীর রাতে স্বামীর সামনে এক গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে একটি দুর্বৃত্তচক্রের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৩ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—কামারখোলা গ্রামের আলমগীরের ছেলে মেহেদী হাসান তারেক (২৪), আলমাছ মিয়ার ছেলে মো. আরিফ (৩৪), জয়নাল আবেদীনের ছেলে মো. ইসমাইল (৩৭) এবং আরও একজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া সদরের এক দম্পতি রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে চান্দিনার মাদারপুর গ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে রাত ১০টার দিকে কামারখোলা এলাকায় অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে তারা সেটি ঠেলে গন্তব্যের দিকে যেতে থাকেন।
এ সময় মোটরসাইকেলে আসা তিন যুবক তাদের পথরোধ করে। পরে আরও দুজনকে ডেকে এনে স্বামীকে জোরপূর্বক আলাদা করে ফেলে।
অভিযোগ রয়েছে, এরপর স্বামীর সামনেই গৃহবধূকে টেনে-হিঁচড়ে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়।
ভুক্তভোগীর স্বামী জানান, হামলাকারীরা তাকে ভয়ভীতি দেখিয়ে দূরে সরিয়ে দেয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার স্ত্রীকে উদ্ধার করে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, তিনি প্রাণভিক্ষা চেয়ে কান্নাকাটি করলেও হামলাকারীরা কর্ণপাত করেনি।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনায় পাঁচজন জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুজন সরাসরি ধর্ষণে অংশ নেয় এবং অন্যরা সহযোগিতা করে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।