কিশোর গ্যাং ও মোবাইল আসক্তির ক্রমবর্ধমান প্রভাব থেকে তরুণ প্রজন্মকে ফিরিয়ে আনতে চাঁদপুরে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘ক্লিন চাঁদপুর’।
শতাধিক কিশোরকে সম্পৃক্ত করে ক্রিকেট কার্যক্রম শুরু করেছে সংগঠনটি, যার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের সূচনা করেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
এ সময় তিনি অংশগ্রহণকারী কিশোরদের মাঝে নতুন জার্সি বিতরণ করেন এবং তাদের নিয়মিত খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করেন।
“সবুজ মাঠে নতুন দিনের ডাক, ক্রিকেট ব্যাটে স্বপ্ন আঁকে তরুণ হৃদয়ের ফাঁক, গ্যাংয়ের অন্ধ গলি ছেড়ে আলোয় ফেরার গান, মোবাইল ছুঁয়ে নয়—এবার হাতে ব্যাট, চোখে প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে ‘ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি’র কার্যক্রম শুরু করা হয়।
আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি তাদেরকে অপরাধ ও আসক্তিমুক্ত রাখা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় ক্রীড়া সংগঠক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান আকাশ বলেন, বর্তমান সময়ে মোবাইল আসক্তি ও কিশোর গ্যাং একটি বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি শিশু-কিশোরদের হাতে খেলাধুলার সরঞ্জাম তুলে দিতে পারি, তাহলে তারা স্বাভাবিকভাবেই এসব নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। তাদের জন্য নিরাপদ ও ইতিবাচক পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব।
তিনি আরও জানান, ভবিষ্যতে এই কার্যক্রম আরও বড় পরিসরে বিস্তৃত করা হবে। ক্রিকেটের পাশাপাশি ফুটবল, ভলিবল ও বাস্কেটবল নিয়েও একাডেমি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া চাঁদপুর শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে ক্লিন চাঁদপুরের আওতায় আনা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ অব্যাহত থাকলে চাঁদপুরের তরুণ সমাজ অপরাধ ও আসক্তির পথ থেকে সরে এসে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হবে, যা একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।