প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ইলিশ শিকারে গিয়ে জেলেদের সঙ্গে ধরা ব্যাংক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৪

চাঁদপুরে নিষেধাজ্ঞার শেষদিন রাতে অভয়াশ্রমে নেমে জেলেদের সঙ্গে ইলিশ নিধনের দায়ে ব্যাংকের এক কর্মকর্তাসহ ১৪ জেলেকে আটক করেছে নৌপুলিশ।

 

রোববার (৩ নভেম্বর) সদর উপজেলার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।

 

জেলেদের সঙ্গে আটক হওয়া আব্দুল কাইয়ুম খান বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুরের এজিএম।
 
নৌপুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান, একদল জেলের সঙ্গে সরাসরি ইলিশ নিধন করছিলেন ব্যাংক কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান।
এসময় ছয় জেলের সঙ্গে ইলিশসহ হাতেনাতে আটক করা হয় তাকে। নৌপুলিশের হাতে আটক হওয়া ওই ব্যাংক কর্মকর্তার বাড়ি কুমিল্লা সদরে। চাঁদপুরে কৃষি ব্যাংক প্রধান শাখায় কর্মরত তিনি।
নৌপুলিশের হাতে আটক হওয়ার পর ওই ব্যাংক কর্মকর্তা দাবি করেন, জনৈক গ্রাহকের পাল্লায় পড়ে নদীতে যান। এজন্য অনুতপ্ত তিনি।

প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে গত ২২ দিনের নৌপুলিশের অভিযানের বিস্তারিত তথ্যও তুলে ধরেন পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান
তিনি জানান, চাঁদপুর অঞ্চলে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান শুরুর প্রথমদিন গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত সফলভাবে পরিচালিত হয়েছে। এ সময় মেঘনা ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬৯৮ জনকে আটক করা হয়, এক কোটি ৩৫ লক্ষ ৭৯ হাজার মিটার অবৈধ জাল এবং তিন হাজার ৭৩৯ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। একই সঙ্গে মাছ ধরার নৌকা ১৭৫টি এবং দুটি ট্রলার জব্দ করা হয়। আর এসব অভিযানে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ডের সাথে সমন্বয় করা হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

রোববার রাতে চাঁদপুর নৌথানায় সাংবাদিকদের এসব তথ্য উপস্থাপন কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম ইকবাল হোসেন
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন