ফরিদগঞ্জে ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি এবং পরিত্যক্ত ফার্মে বেকারি পরিচালনা করায় দুই ব্যবসায় প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার উপজেলার নয়ারহাট বাজার এলাকায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এ জরিমানা করে।
অভিযানে দেখা যায়, ‘মা আইসক্রিম’ নামের একটি ব্যবসায় প্রতিষ্ঠানে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করেই এবং ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এই কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, পরিত্যক্ত মুরগির ফার্মে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে ‘আয়াত বেকারি’-কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। অভিযুক্ত দুই প্রতিষ্ঠানের মালিক আগামীতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছেন।
এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
পাশাপাশি ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সচেতন করা হয়। অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।