প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

১০ বছর পর তনু হত্যা মামলায় গ্রেপ্তার, সেনা কর্মকর্তা রিমান্ডে

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬

দীর্ঘ এক দশক পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলী আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে।

মামলার তদন্ত কর্মকর্তা, পিবিআই ঢাকা জেলার পরিদর্শক তারিকুল ইসলাম জানান, হাফিজুর রহমানকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আদালতে উপস্থাপন করা হয়।

এর আগে চলতি মাসের ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার অনুমতি চান। সন্দেহভাজনরা হলেন, সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে এখন পর্যন্ত প্রায় ৮০টি শুনানি অনুষ্ঠিত হয়েছে। গত ১০ বছরে চারটি সংস্থার অধীনে সাতজন তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করেছেন।

শুনানির সময় নিহত তনুর বাবা-মা ও তার ছোট ভাই রুবেল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ ২০১৬ সালে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে উদ্ধার করা হয়।

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং দোষীদের বিচারের দাবিতে দীর্ঘদিন আন্দোলন চলে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন