প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে অবৈধ পলিথিন কারখানায় সিলগালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬

পরিবেশ অধিদপ্তর কর্তৃক চাঁদপুরে অবৈধ পলিথিন কারখানার সন্ধান লাভ করা হয়েছে। পরে কারখানাটিতে অভিযানকালে কারখানাটি থেকে ১৭৭৪ কেজি পলিথিন ও পলি পিপি জব্দসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল টিনশেড গোডাউনে তৈরি হচ্ছিল অবৈধ পলিথিন। আধুনিক যন্ত্রে তৈরি অবৈধ পলিথিন কারখানাটি থেকে তৈরি হয়ে বিক্রি করা হচ্ছিল চাঁদপুরসহ বিভিন্ন জেলায়।

 

 

চাঁদপুর পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা রোডের হরিজন সম্প্রদায়ের আবাসন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

 

 

অভিযানকালে কারখানাটি থেকে ১৭৭৪ কেজি পলিথিন ও পলি পিপি জব্দসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

 

 

অভিযানের বিষয়ে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, চাঁদপুর সদর উপজেলা বাসস্ট্যান্ড হরিজন কলোনীর সামনে অবৈধভাবে পলিথিন তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীসহ আমরা এখানে আসি।

 

 

এখানে এসে দেখি বেশ বড় একটি টিনশেড জায়গার মালিকের কাছ থেকে গোডাউন হিসেবে ভাড়া নিয়ে অবৈধ পলিথিন তৈরি করছিল। আমরা তৈরি পলিথিন ও পলিথিন তৈরির দানা জব্দ করে কারখানাটি সিলগালা করে দিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

 

 

এ বিষয়ে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানায় পলিথিন কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর।

 

 

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদ বলেন, চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমানের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এখন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন