সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দিয়ে একটি মাটিবাহী ট্রাক্টর বেপরোয়াভাবে চলাচল করছিল। এতে ধুলাবালিতে মসজিদের পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল। এ সময় একই গ্রামের প্রবাসী শাহাদাত হোসেন ট্রাক্টর চালককে ধীরগতিতে চালানোর পরামর্শ দেন।
এতে ক্ষিপ্ত হয়ে ট্রাক্টরের হেলপার ইমন শাহাদাতকে অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শাহাদাত হোসেন প্রতিবাদ জানালে ইমন ট্রাক্টরে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়।
অভিযোগ রয়েছে, এতে ক্ষান্ত না হয়ে ইমন ট্রাক্টরে থাকা ধারালো লোহার ধামা দিয়ে শাহাদাতের মাথায় কোপ দেয়। এতে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় পাঁচটি সেলাই দেন। গুরুতর আঘাতের কারণে তার সিটি স্ক্যান করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত শাহাদাতের বড় ভাই শাজাহান বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন (জিআর মামলা নং-১৫৩/২৬)।
ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত ইমন ও ট্রাক্টর চালক মানিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ফরিদগঞ্জ থানার এসআই জাকির হোসেন তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ব্যবহৃত ট্রাক্টরটিও জব্দ করেছে।
স্থানীয়দের দাবি, বেপরোয়া ট্রাক্টর চলাচল বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার তদন্ত (ওসি) এমদাদুল হক জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।