প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে তথ্য গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করায় অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬

চাঁদপুরে এসএসসি পরীক্ষায় তথ্য গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব পালনের অভিযোগে এক কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া ব্যক্তি হলেন সদর উপজেলার ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. ইলিয়াছ মিয়া।

মঙ্গলবার (২১ এপ্রিল) চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা তাকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

সোমবার (২০ এপ্রিল) ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন চাঁদপুর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগে বলা হয়, কুমিল্লা শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষক বা কর্মকর্তার ছেলে-মেয়ে এসএসসি পরীক্ষার্থী হলে তিনি কেন্দ্র সচিব বা পরীক্ষা পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করতে পারেন না।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মো. ইলিয়াছ মিয়ার মেয়ে রাইসা অরিন আনিকা চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। তিনি চাঁদপুরের আল আমিন একাডেমির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অথচ এ তথ্য গোপন করে ইলিয়াছ মিয়া কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, যা বোর্ডের বিধিমালার পরিপন্থী।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগে আশঙ্কা প্রকাশ করা হয়, এ ধরনের অনিয়ম সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় বিঘ্ন ঘটাতে পারে এবং প্রশ্ন ফাঁসসহ বড় ধরনের অনিয়মের ঝুঁকি বাড়ায়।

এ বিষয়ে কেন্দ্র সচিব মো. ইলিয়াছ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে তার মেয়ে পরীক্ষার্থী হওয়ার বিষয়টি স্বীকার করলেও পরে তা অস্বীকার করেন এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জাকির হোসেন জানান, এ ধরনের অভিযোগ পাওয়ার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন