চাঁদপুরের আলগী গ্রামের কৃতী সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেত্রী রাশেদা বেগম হীরা পুনরায় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আজ ২০ এপ্রিল ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পান তিনি।
এর আগে তিনি ৮ম ও ৯ম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর পৈতৃক নিবাস চাঁদপুর জেলার সদর উপজেলার আলগী গ্রামে।
শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর রাজনীতির সঙ্গে যুক্ত হন।
রাজনীতির পাশাপাশি তিনি Oxfam, Save the Children এবং Voluntary Service Overseas (VSO)-এর মতো আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ভিএসও-তে তিনি জেন্ডার বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।
বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দল চাঁদপুর জেলা শাখার সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।