চাঁদপুর সদর উপজেলায় নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
রোববার দুপুরে উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মমিনপুর গ্রামের দক্ষিণ মিজি বাড়ি সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে বলে চাঁদপুর ফায়ার সার্ভিস সদর স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জানান।
নিহত শাহাদাত (৫) মমিনপুর গ্রামের মো. আলী হাওলাদারের ছেলে এবং নিখোঁজ মাহমুদ (৭) একই গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুরে একসঙ্গে কয়েক শিশু নদীতে গোসল করতে নেমেছিল। তবে কিছুক্ষণ পর শাহদাত ও মাহমুদকে আর খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে তারা শাহাদাতকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বলেন, নিখোঁজ মাহমুদকে উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।