চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৫) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়ালী এলাকার রঞ্জন আলী হাজী বাড়ির ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আহত মেহেদী হাসান পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সকালে তিনি মোটরসাইকেলযোগে ফরিদগঞ্জ বাজারে যাওয়ার পথে ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের রঞ্জন আলী হাজী বাড়ির ব্রিজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পণ্যবাহী ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং হেফাজতে নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সড়কের পাশে গাছের গুঁড়ি ফেলে রাস্তার প্রশস্ততা কমিয়ে ফেলায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত রাস্তা থেকে এসব প্রতিবন্ধকতা অপসারণ করে যান চলাচল নিরাপদ করার দাবি জানিয়েছেন।