মালদ্বীপের রাজধানী মাফান্নু বহুতল একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বাংলাদেশি প্রবাসী মোঃ হানজালা (৩০) মৃত্যু বরণ করেন।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় রাজধানী মালের সবধেলি মাগুতে একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদ থেকে পার্শ্ববর্তী অন্য একটি আবাসিক ভবনের টিনের চালের উপর পড়ে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে। স্হানীয়দের সহযোগিতায় মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়, এরপর ১১ এপ্রিল রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত হানজালা প্রধানিয়া বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মনাপুর ৩নং ওয়ার্ডের আবদুস সামাদের ছেলে । প্রবাস জীবনে জীবিকা নির্বাহের জন্য মালদ্বীপে অবস্থান করছিলেন একটি বৈধ কোম্পানিতে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় তার পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও বিরাজ করছে গভীর শোক ও শোকাহত পরিবেশ।
তার পরিবারেরও আর্থিক অবস্থা ভালো না থাকায়,তার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশন ও সরকারের কাছে হানজালার মরদেহ দ্রুত দেশে পাঠানোর সহযোগিতা কামনা করেন।