পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে ১১ দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে শহরের বাইতুল আমিন চত্বর থেকে এ কর্মসূচির সূচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহাজাহান খান, সেক্রেটারি বেলায়েত হোসেন, এনসিপির চাঁদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলমসহ ১১ দলের বিভিন্ন নেতাকর্মীরা।
লিফলেট বিতরণের সময় শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান বলেন, বিএনপি সরকার অতীতে জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়কে উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। তিনি অভিযোগ করেন, জনগণের অধিকার ক্ষুণ্ন করে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য এমন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে।
জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
একই সঙ্গে তারা দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।