প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ট্রলি-সিএনজির সংঘর্ষে যাত্রীর মাথা বিচ্ছিন্ন, আহত তিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬

হাজীগঞ্জে মুরগি বহনকারী ট্রলির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিবরিয়া (৩০) নামের এক যুবকের মাথা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা এক নারীসহ আরও ৩ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকার জাফর মেম্বার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে। আহত নারী রিনা বেগম (২৫) একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী। রিনাসহ অপর যাত্রীরা হাজীগঞ্জ থেকে সিএনজি স্কুটারে করে চাঁদপুর শহরে যাচ্ছিলেন।

আহত রিনা বেগম জানান, আমাদের বহনকারী স্কুটারটি যেমনি জোরে চলছিল, ঠিক তেমনি বিপরীত দিক থেকে আসা মুরগির ট্রলিটি দ্রুত বেগে এসে সজোরে ধাক্কা মারে। এতে আমরা যাত্রীরা সিএনজি থেকে ছিটকে দুই দিকে পড়ে যাই। এর মাঝে কিবরিয়া নামের একজন সড়কের উপরে পড়েছে কিন্তু সম্ভবত ট্রলির সাথে মারাত্মক সংঘর্ষের কারণে তার শরীর থেকে মাথাটি আলাদা হয়ে যায়।

বাকিলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফারুক হোসেন জানান, ঘটনার পর পর আমরা ছুটে এসে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে, তাৎক্ষণিক কারো পরিচয় জানা সম্ভব হয়নি। আহতের মধ্যে সিএনজিচালিত স্কুটারের চালক রয়েছেন। ট্র্রলি ও সিএনজিচালিত স্কুটারটি আমরা আটকে রেখেছি।

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, পানি সেচের শ্যালো ইঞ্জিন দিয়ে স্থানীয়ভাবে তৈরি মুরগি বহনকারী ট্রলির সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিবরিয়া নামের এক যাত্রীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর পর আমি এখানে এসে দেখি হৃদয় বিদারক এক ঘটনা।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর জব্বার জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন