চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কর্মকর্তাসহ পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় জড়িত ৪ জনকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের বসুপাড়া গ্রামের মজুমদার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সদস্য ও একাধিক মামলার আসামি মো. ফয়সালকে আটক করতে গেলে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
এতে থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন ও আতোয়ার রহমানসহ পুলিশ সদস্য সুমন চন্দ্র, ইকবাল হোসেন এবং ফয়সাল খান আহত হন। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে হামলায় জড়িত ফয়সাল (২৪), স্বপন (২২), মুরাদ (২৩) ও সীমা আক্তার (২৩)-কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিকেলে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।