প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬
ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত আলী হায়দার মজুমদার (৬২) নামে বৃদ্ধের একদিন পর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক রয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে আহত বৃদ্ধকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়।

 

নিহত আলী হায়দার মৃত ছেরাজল হক মজুমদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক। তার ছেলে সৌদি আরবে প্রবাসী।

স্থানীয় লোকজন ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামের মজুমদার বাড়ির ইজমালি কবরস্থান থেকে অনুমতি ছাড়াই গাছ কাটছিলেন একই বাড়ির কয়েকজন ব্যক্তি।

 

এ সময় আলী হায়দার মজুমদার গাছ কাটার কারণ জানতে চাইলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

 

একপর্যায়ে অভিযুক্ত ইসমাইল, ফয়েজ, সোহাগসহ কয়েকজন মিলে আলী হায়দারকে বেধড়ক মারধর করে। এ সময় বাধা দিতে গেলে পরিবারের অন্য সদস্যরাও হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়।

 

পরবর্তীতে অবস্থার অবনতি হলে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে তাকে হাজীগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে রাতে অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা দিলে পথেই তার মৃত্যু হয়।

ওই বাড়ির বাসিন্দা লুতফুর রহমান মজুমদার বলেন, কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে এ বিরোধের সৃষ্টি হয়। আলী হায়দার প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়।

 

বাধা দিতে গিয়ে আমি নিজেও আঘাতপ্রাপ্ত হই।

 

নিহতের পুত্রবধূ আছমা বেগম অভিযোগ করে বলেন, আমার শ্বশুরকে ৬-৭ জন মিলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমরা এর সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন-ইসমাইল (৪৫), তার স্ত্রী ফাতেমা বেগম দুলালি (৩৫), হাজেরা বেগম (৫৫), ফয়েজ (৪০) ও সোহাগ (৩৫)। তারা সবাই একই পরিবারের সদস্য এবং নিহতের আত্মীয়।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় অভিযুক্তদের মধ্যে ফাতেমা বেগম দুলালিকে গ্রেপ্তার করা হয়।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক জানান, গাছ কাটাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন