প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর লঞ্চঘাটে কর্মমুখী মানুষের ভিড়, ভাড়া বেশি নেওয়ায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নৌযান কেন্দ্র চাঁদপুর লঞ্চঘাটে দেখা গেছে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে ভাড়া বেশি নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই লঞ্চঘাটে যাত্রীদের চাপ বাড়তে থাকে। অনেকে পরিবার-পরিজন নিয়ে ফিরছেন কর্মস্থলে। ফলে ঘাট এলাকায় ভিড় বেড়েছে।

যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভিড়ের কারণে লঞ্চে উঠতে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা পড়েছেন বেশি দুর্ভোগে। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত জীবনে ফেরার এ সময়ে চাঁদপুর লঞ্চঘাটে এমন ভিড় আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট এলাকায় নৌপুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক অবস্থানে দেখা গেছে। যাত্রীদের নিরাপদে ওঠানামা নিশ্চিত করতে তারা কাজ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আব্দুল আজিজ নামের একজন যাত্রী বলেন, ‌‘পরিবারের সবার সঙ্গে ঈদ উদযাপন করে কর্মস্থলে ফিরে যাচ্ছি। এবছর ঈদযাত্রা মোটামুটি ভালো ছিল কিন্তু যানবাহনের ভাড়া নিয়ন্ত্রণ করা জরুরি। ঘাটে এলে চালকরা বাড়তি ভাড়া চায়।’

আরেক যাত্রী ব্যারিস্টার ফাজলে নুর বলেন, ‘আসা-যাওয়ার সুবিধার্থে অনেক যাত্রী লঞ্চে করে মোটরসাইকেল নিয়ে আসেন। আজ লঞ্চে এসে মোটরসাইকেলপ্রতি ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করে নিচ্ছে। হঠাৎ করে ভাড়া বাড়ানোর যৌক্তিকতা দেখছি না।’

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, বিআইডব্লিউটিএর পাশাপাশি নৌপুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস যাত্রীদের সার্বিক নিরাপত্তায় কাজ করেছে। আমাদের জানামতে লঞ্চঘাটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন