প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সড়ক দুর্ঘটনায় বাড়ি ফেরা হলো না মতলব দক্ষিণের স্কুল শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬

 মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়নের উত্তর পিংড়া গ্রামের রাজা বাড়ির এক স্কুল শিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুর খবরে বাড়িতে স্বজনদের আহাজারি ও শোকের মাতম বইছে।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টের সুহিতপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত স্কুল শিক্ষক আলমগীর হোসেন(৪৮) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়ন উত্তর পিংড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। সে সুমানগঞ্জ ছাতকের বুড়াইরগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিক্ষক আলমগীর হোসেনের দুই ছেলে। বড় ছেলে জিহাদ রাজা প্রবাসে থাকে ও ছোট ছেলে জাহিদ রাজা মাদ্রাসায় পড়াশোনা করে। সোমবার বিকেলে বাসা বাড়িতে ফেরার পথে গোবিন্দগঞ্জ পয়েন্টের নিকট সুহিতপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী স্কুল শিক্ষক আলমগীর হোসেন গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত আলমগীর হোসেনের বড় ভাই মো.শরীফ রাজা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ভাই আলমগীর হোসেন ৩৫ বছর ধরে শিক্ষকতা করে। আলমগীর আমার ছোট ভাই। ছাতকে বসবাস করতো। বাসাবাড়িতে ফেরার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনা ঘটে। আহত আলমগীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এ বিষয়ে জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মোতালেব বলেন, লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষক আলমগীর হোসেন আহত হন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আলমগীর হোসেন মারা যায়। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে।

এদিকে তার মৃত্যুর খবরে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে বইছে শোকের মাতম।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন