ফরিদগঞ্জে প্রতিপক্ষের এক ঘুসিতে বিল্লাল হোসেন (৫০) নামে সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিল্লাল হোসেনের ছেলে কাউছার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতাররা হলেন- ওই এলাকার মৃত রুস্তম আলীর ছেলে আবুল বাশার (৬৩), তার দুই ছেলে মো. শাহাদাত হোসেন (৪০) ও মো. ইমাম হোসেন (৩০।
স্থানীয় কামাল ভেন্ডার, সাদ্দাম, রমজান আলী লিটন জানান, ইছাপুরা গ্রামের বিল্লাল হোসেন ও আবুল বাশারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এসব বিষয় নিয়ে থানায় অভিযোগ করেন আবুল বাশার। শুক্রবার (১৩ মার্চ) বিকালে স্থানীয় ইছাপুরা গ্রামের রমজান আলী লিটনের দোকানের সামনে উভয়ের মধ্যে এসব নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্লাল হোসেনকে হঠাৎ করেই পেছন দিক থেকে ঘাড়ে ঘুসি দেন আবুল বাশার। এতে বিল্লাল মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য (এমইউপি) নুরুল ইসলাম বলেন, তারা দুজন প্রতিবেশী। তাদের মধ্যে জায়গা নিয়ে ঝামেলা ছিল। শুক্রবার বিকালে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে আবুল বাশার সিএনজিচালিত অটোরিকশা চালক বিল্লালকে ঘুসি দেন। এতে ঘটনাস্থলেই বিল্লাল মারা যান।
ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার তিন ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুর শহরের কালী বাড়ি এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।