মসজিদে ইতিকাফ থাকা অবস্থায় এক মুসল্লির এশার নামাজ আদায়রত অবস্থায় মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম হারুনুর রশিদ (৮০)।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টায় কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মৃত হারুনুর রশিদ সাদকপুর মাস্টার বাড়ি নিবাসী ও বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।
সদকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের ও ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, হারুনুর রশিদ রমজানের নাজাতের দশদিন সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফের জন্য অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রোজা রেখে ইফতার শেষে এশার নামাজ আদায়কালে দুই রাকাত সুন্নত শেষে হঠাৎ করে অসুস্থ হয়েই হারুন। পরে মসজিদের ভেতরেই মারা যান তিনি।
হারুনের বড় মেয়ের জামাতা কাজী মো.সেফাউল করিম জানান, তার শ্বশুর মসজিদে ইতিকাফ অবস্থায় এশার নামাজ পড়াকালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।