প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের ২নং বাকিলা ইউনিয়নে দুই হাজারের বেশী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর  উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ২ নং বাকিলা ইউনিয়নে ভিজিএফ (VGF) কার্ডের মাধ্যমে গরিব ও দুঃস্থ মানুষের মাঝে চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

ঈদের আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ভাগাভাগি করে দিতে সরকারের এই উদ্যোগে স্বস্তি ফিরে পেয়েছে নিম্ন আয়ের পরিবারগুলোয়।

বুধবার (১১ মার্চ) সকালে বাকিলা ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ২ নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিলন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার (ট্যাগ অফিসার) এ জি এম তাজুল ইসলাম পাটওয়ারী, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মহিবুবুল আহসান নিপু,হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর শ্রী সুজন সূত্রধরসহ ইউপি মেম্বার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

হাজীগঞ্জ ২ নং বাকিলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মহিবুবুল আহসান নিপু জানান,আসন্ন ঈদ উপলক্ষে বাকিলা ইউনিয়নে মোট ২ হাজার ৭৪টি পরিবারের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ করা হচ্ছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

চাল নিতে আসা হতদরিদ্র কয়েকজন উপকারভোগী জানান,ঈদের আগে সরকারের এই সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি। বাকিলার এক বৃদ্ধা উপকারভোগী বলেন,আমাদের মতো গরিব মানুষের জন্য এই চাল অনেক বড় সহায়তা। এতে অন্তত ঈদের সময় পরিবারের জন্য খাবারের চিন্তা কিছুটা কমবে।

আরেক উপকারভোগী বলেন,দ্রব্যমূল্যের এই সময়ে সংসার চালানো খুব কষ্টকর হয়ে গেছে। সরকারের দেওয়া এই চাল পেয়ে আমরা সত্যিই উপকৃত হচ্ছি। এতে ঈদের আনন্দটা পরিবার নিয়ে কিছুটা হলেও উপভোগ করতে পারব।

হাজীগঞ্জ ২ নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিলন বলেন, সরকারের লক্ষ্য হলো সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো। ভিজিএফ কর্মসূচির মাধ্যমে এসব পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে তারাও ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন।

 

তিনি আরও বলেন,সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি শুধু খাদ্য সহায়তাই নয়, বরং সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। এর মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন