প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই উধাও ২০ কার্টন সৌদি খেজুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬
সৌদি আরবের যুবরাজ কিং সালমান হিউম্যানিটিরিয়ান অ্যাইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে উপহার হিসেবে পাওয়া খেজুরের মধ্যে ২০ কার্টন খেজুর উধাও হয়ে গেছে। সৌদি যুবরাজের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর ৫২০ কার্টন কুমিল্লা জেলার জন্য বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সৌদি যুবরাজের পক্ষ থেকে ১২ হাজার ৫০০ কার্টন খেজুর উপহার হিসেবে আসে বাংলাদেশে। গত ১ মার্চ সেসব খেজুর জেলাভিত্তিক বণ্টনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কুমিল্লায় মোট ৫২০ কার্টন খেজুর পাঠানো হয়। যে তথ্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইটে এখনো রয়েছে।
গত ৮ মার্চ কুমিল্লার জন্য প্রাপ্ত সেসব খেজুর ১৭টি উপজেলায় বণ্টন করে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়। কিন্তু ১৭টি উপজেলায় মোট ৫০০ কার্টন খেজুর বণ্টন করা হয়। বাকি ২০ কার্টনের হিসেব নেই। যদিও সংখ্যাটিকে ভুল হিসেবে আখ্যা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী গণমাধ্যকে বলেন, আমাদের কাছে ৫০০ কার্টন খেজুর এসেছিল। আমরা সেগুলোই বণ্টন করেছি। অধিদপ্তর সংশোধন করে সেটি পরে ৫০০ কার্টনই করেছে।
তালিকা সংশোধন করা হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকা সংশোধন না, এটা বরাদ্দটাই ৫০০ ছিল। এটাই সংশোধন করা হয়েছে।
অপরদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইটে কুমিল্লায় ৫২০ কার্টন খেজুর বণ্টনের তথ্য দৃশ্যমান রয়েছে।
এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামকে ফোন করা হলেও তারা কেউই ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১০ মার্চ) রাতে ফেসবুকে লাইভে এসে নিজ এলাকার কর্মকাণ্ডের হিসেব তুলে ধরেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ওই লাইভে দেবিদ্বারে ৩৯ কার্টন খেজুর পাওয়ার বিষয়টি জানান তিনি। তার এই তথ্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খেজুর নিয়ে তোলপাড় সৃষ্টি হলে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন