পবিত্র মাহে রমজান উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাজধানী মালের বাংলাদেশ দূতাবাস ভবনে আয়োজিত এই ইফতার মাহফিলে দেশটিতে অবস্থানরত সাধারণ প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিবারের ন্যায় এবারও রমজান মাসে প্রবাসীদের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করে দূতাবাস। অনুষ্ঠানের আয়োজনে নেতৃত্ব দেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
ইফতারের আয়োজনে ছিল বাংলাদেশিদের পরিচিত নানা খাবারের পাশাপাশি স্থানীয় মালদ্বীভিয়ান সুস্বাদু খাবারও। দুই দেশের খাবারের সমন্বয়ে ভিন্নধর্মী স্বাদে সাজানো এই ইফতার আয়োজন উপস্থিত অতিথিদের মাঝে বিশেষ আনন্দের পরিবেশ সৃষ্টি করে।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ, তৃতীয় সচিব, হাইকমিশনারের পার্সোনাল পিএস মোহাম্মদ হাবিবুর রহমান, মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, এনবিএল মানি ট্রান্সফার লিমিটেডের সিইও মাসুদুর রহমান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মো. শরিফুল ইসলাম, স্টেশন ম্যানেজার মো. জাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা ট্রেডার্সের কর্ণধার মোহাম্মদ বাবুল হোসেন, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মো. আলমগীর শিকদার, প্রবাসী ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, ব্যবসায়ী মো. কাসেদুল হক, মো. হায়দার আলী সাবু, বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, মো. শরিফ হোসেন, মো. রবিউল আলম, সহ-সভাপতি মো. ফারুক হোসেনসহ কমিউনিটির আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
এছাড়া মালে ও আশপাশের শহরে বসবাসরত সাধারণ প্রবাসী শ্রমিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, সাংবাদিক এবং ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।
দূতাবাসের এ আয়োজনটি মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। আয়োজনে প্রবাসীদের কল্যাণ ও দেশের উন্নতির জন্য বিশেষ দোয়া করা হয়।