চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ভ্যানসহ ৩ জনকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
শনিবার মধ্যরাতে হাজীগঞ্জ বিশ্বরোড চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হলে ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানসহ তিনজনকে আটক করা হয়। তবে এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।