মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে Kuwait-এর আকাশসীমাকে লক্ষ্য করে নিক্ষেপ করা ২১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৯৪টি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে দেশটির সশস্ত্র বাহিনী। এ তথ্য জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চলমান সামরিক পরিস্থিতির মধ্যে কুয়েত সশস্ত্র বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর ফলে সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার সময় দায়িত্ব পালনকালে কুয়েতের ৬৭ জন সামরিক সদস্য আহত হন। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে। এর মধ্যে দুজনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কুয়েত সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশের আকাশ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। দিনরাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন সামরিক সদস্যরা এবং মাঠ পর্যায়ের পরিস্থিতি সামরিক, নিরাপত্তা ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমন্বিত জাতীয় নিরাপত্তা ব্যবস্থা দেশের নিরাপত্তা রক্ষা এবং নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।