চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানার বিভিন্ন টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজার এলাকা থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামের বাসিন্দা শুক্কুর আলম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া ওয়ারুক কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ টামটা উত্তর ইউনিয়নের সুরসই গ্রামের মো. সাদ্দাম হোসেন (৩০) নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একই রাতে টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. গিয়াস উদ্দিন (৭২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানজিল আহম্মেদ অন্তর (১৮) ও মো. রিয়াজ (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বাড়ি কচুয়া উপজেলায়।
জিজ্ঞাসাবাদে তারা জানান, কচুয়ার আশ্রাফপুর গ্রামের নুরুজ্জামান মোল্লার (৬৪) কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে এলাকায় বিক্রি করতেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।