প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব দক্ষিণে ভাড়া বাসা থেকে আরএফএল কোম্পানির এসআরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬

মতলব দক্ষিণ উপজেলার মতিন মৃধার ঘর থেকে আরএফএল কোম্পানির এসআর অলক কুমার মোহন্ত (২৭) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামে মতলব সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অলক কুমার মোহন্ত রাজশাহীর নওগাঁও নেয়ামতপুরের অমল মোহন্তের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার বাইশপুর গ্রামের মতিন মৃধার বাড়ির একটি কক্ষে গত ৩ মাসে যাবত ভাড়া থাকতেন অলক কুমার মোহন্ত। মঙ্গলবার (৩ মার্চ) সারাদিন সে ঘর থেকে বের না হলে, সন্দেহ হয় বাড়ির মালিকের। অনেক ডাকাডাকির পর ভিতর থেকে সাড়া না পেয়ে বাড়ির মালিক জানালা  দিয়ে দেখতে পান বিছানায় ঘুমিয়ে আছেন অলক। পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন তিনি। পুলিশ খবর পেয়ে  ঘটনাস্থলে এসে দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে।

বাড়ির মালিক মতিন মৃধা বলেন, মঙ্গলবার সারাদিন তার রুমের দরজা বন্ধ থাকায় আমার সন্দেহ হয়। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তাদের সহযোগিতায় জানালা খুলে দেখতে পাই সে বিছানায় ঘুমিয়ে আছে। পরে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অলকের একাধিক সহকর্মী জানান, গত ২ মার্চ কাজে এসেছিল অলক। ৩ মার্চ সে কাজে আসেনি এবং অলকের মোবাইলে কল দিলে ফোন রিসিভও করেনি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অখিল চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন