প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

যমুনায় উঠছেন না তারেক রহমান, গুলশান থেকেই পরিচালনা করবেন কার্যক্রম

এম হোসেন
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়ে যাওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা—এবার কে উঠছেন ঐতিহাসিক এই সরকারি বাসভবনে? অনেকেই ধারণা করেছিলেন, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যমুনায় প্রবেশ করতে পারেন।

তবে নির্ভরযোগ্য সূত্র বলছে, আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গুলশানের নিজ বাসভবন থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী বর্তমানে গুলশানের বাসভবন থেকেই সব কাজ সম্পাদন করছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওঠার সম্ভাবনা খুবই কম বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য তাদের কাছে নেই বলেও জানান তিনি।

অন্যদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে গুলশান থেকে আবদুল গণি রোডের সচিবালয় ও তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন। ড. মুহাম্মদ ইউনূস যমুনা ছেড়ে যাওয়ার পর ভবনটিতে কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে।

তিনি আরও জানান, যদি প্রধানমন্ত্রী যমুনায় ওঠার সিদ্ধান্ত নেন, তাহলে তার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন।

সব মিলিয়ে, আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান—গুলশান থেকেই পরিচালিত হচ্ছে সরকারের কার্যক্রম। তবে ভবিষ্যতে সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন