প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে বৃদ্ধাকে হত্যা, পুত্রবধূকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

মতলব উত্তর উপজেলায় পারুল বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ এবং তার পুত্রবধূ হালিমা আক্তারকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাপানিয়া গ্রামে তাদের বসতঘর থেকে উদ্ধার করা হয়। ওই গ্রামের নিহত পারুল বেগম (৭০) মৃত লনু প্রধানের স্ত্রী। আহত হালিমা আক্তার তার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল ১১টার মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

 

ভুক্তভোগীর আহত পুত্রবধূ হালিমা আক্তার জানান, শুক্রবার এশার নামাজের সময় মুখ বাঁধা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। তারা প্রথমেই তাকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ঘরের মালামাল লুটে নেয়। পরে পাশের কক্ষে গিয়ে তার শাশুড়ি পারুল বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শী সাহেরা বেগম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ বিলের কাগজ নিতে তিনি ওই বাড়িতে যান। বাইরে শিশু মাহাদি হাসান ও মারিয়াকে খেলতে দেখে তাদের কাছে পরিবারের অন্য সদস্যদের খোঁজ করেন। তখন শিশুরা জানায়, দাদু আর মা মারা গেছে। বিষয়টি শুনে তিনি ঘরে ঢুকে দেখেন, পারুল বেগম উপুড় হয়ে পড়ে আছেন এবং অন্য কক্ষে হালিমা আক্তার হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।

 

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব জানান, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের কাজ চলমান রয়েছে।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন