প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

জোড়া গোলে নায়ক ‘বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়’ নেইমার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

‘গত সপ্তাহে তারা বলেছিল আমি বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়। আজ আমি দুটি গোল করলাম, এটাই গুরুত্বপূর্ণ।’— গতকাল (বৃহস্পতিবার) ব্রাসিলেইরাও-র চতুর্থ রাউন্ডে ভাস্কো দা গামার বিপক্ষে জোড়া গোল করে এই কথা বললেন নেইমার। এই বছর গোলখরার কারণে সমালোচিত ব্রাজিলিয়ান তারকা গোলে ফিরলেন জোড়া লক্ষ্যভেদে।

২-১ ব্যবধানে ম্যাচটি জেতার পর বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকা সমালোচকদের উদ্দেশ্যে আরও কথা বলেছেন। আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দলে ফেরার চাপ নিয়ে তার কথা, ‘ফুটবল তো এমনই। একদিন বলবে যে আপনি ভালো না কিংবা ফুরিয়ে গেছেন। পরের দিন সেই লোকেরাই আবার বিশ্বকাপে আপনাকে পেতে চাইবে।’

নতুন বছরের শুরুতে নেইমারের অস্ত্রোপচার হয়েছে। সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন খুব বেশিদিন হয়নি। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বারবার বলে চলেছেন, কেবল ফিট থাকলেই নেইমারকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা হবে। ব্রাজিলের শীর্ষ গোলদাতা নিজেকে প্রস্তুত করছেন জানপ্রাণ দিয়ে।

স্পোরটিভি-কে তিনি বললেন, ‘আমি নিজেকে উজার করে দিচ্ছি এবং সম্ভাব্য সেরা অবস্থায় ফিরতে কাজ করছি। এটা ছিল এই বছর আমার তৃতীয় খেলা এবং দ্বিতীয়বার পুরো ৯০ মিনিট খেললাম। শেষ দিকে একটু ক্র্যাম্প হচ্ছিল, কিন্তু এটা প্রক্রিয়ার অংশ।’

২৫তম মিনিটে নেইমার প্রথম গোল করেন। তারপর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে বেনফিকার বিপক্ষে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের মতো নেচে গোল উদযাপন করেন। ভাস্কো হাফটাইমের আগে সমতা ফেরায়। কিন্তু নেইমার দ্বিতীয়ার্ধে আবার গোল করে সান্তোসকে এগিয়ে দেন।

নেইমার ও সান্তোস ভক্তদের উৎসবের আবহ কিছুটা থমকে যায় ভাস্কো মিডফিল্ডার থিয়াগো মেন্দেসের সঙ্গে তর্কাতর্কিতে। ২০২০ সালে লিওঁর বিপক্ষে এই মেন্দেসের কারণে গুরুতর ইনজুরিতে পড়েছিলেন তখনকার পিএসজি তারকা।

গত বছর ডিসেম্বরে নেইমার জোড়া গোল করেছিলেণ জুভেন্তুদের বিপক্ষে। আবার গোলে তিনি ফিরলেন জোড়া লক্ষ্যভেদে। এই ধারাবাহিকতা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে চান তিনি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন