প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির

স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে তিনি এপিবিএন-এর অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএম-এর স্থলাভিষিক্ত হলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তাঁকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
বর্ণাঢ্য কর্মজীবন মোঃ আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স ও এসপিবিএন-এ গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
আন্তর্জাতিক অভিজ্ঞতা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো ও আইভরি কোস্টে তিনি সুনামের সঙ্গে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেন। সরকারি দায়িত্ব ও প্রশিক্ষণ সংক্রান্ত কাজে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়া ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স), এমকম ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিগত জীবন
১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
দায়িত্ব গ্রহণের আগে আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

সূত্র: বাংলাদেশ পুলিশ(ভেরিফাই পেইজ)

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন