প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম নেবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে হাঁস, মুরগি ও ডিম আমদানির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে Saudi Food and Drug Authority (এসএফডিএ)। পাশাপাশি ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চল থেকে এসব পণ্য আমদানিতে আংশিক বিধিনিষেধ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং দেশীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। গত বুধবার সৌদি আরবের গালফ নিউজ ও সৌদি গেজেট-এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও রোগতাত্ত্বিক (এপিডেমিওলজিক্যাল) হালনাগাদের ভিত্তিতে নিষিদ্ধ ও সীমিত দেশগুলোর তালিকা নিয়মিত পর্যালোচনা করা হয়। সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে, কিছু দেশের ওপর ২০০৪ সাল থেকেই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে; আবার কিছু দেশকে আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিবেদন ও ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতে ধাপে ধাপে তালিকাভুক্ত করা হয়েছে।

বিশেষ করে উচ্চমাত্রার এভিয়ান ইনফ্লুয়েঞ্জার (বার্ড ফ্লু) প্রাদুর্ভাবকে এ সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সৌদি আরব।

সম্পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো
আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, বাংলাদেশ, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিশর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, কোট দিভোয়ার ও মন্টেনিগ্রো।

আংশিক নিষেধাজ্ঞার আওতায় অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর নির্দিষ্ট রাজ্য বা শহরে এ বিধিনিষেধ প্রযোজ্য।

এসএফডিএ স্পষ্ট করেছে, অনুমোদিত স্বাস্থ্য ও নিরাপত্তা মান পূরণ করলে তাপ-প্রক্রিয়াজাত (হিট-ট্রিটেড) মুরগি ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে এই অস্থায়ী নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে সেক্ষেত্রে অবশ্যই সরকারি স্বাস্থ্য সনদ থাকতে হবে, যাতে নিশ্চিত করা যায়—পণ্যগুলো এমনভাবে প্রক্রিয়াজাত করা হয়েছে, যা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও নিউক্যাসল রোগের ভাইরাস নির্মূল করতে সক্ষম এবং সেগুলো রপ্তানিকারক দেশের অনুমোদিত স্থাপনা থেকে উৎপাদিত।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন